| ৮ March ২০২৬ Sunday ১:১০:৪১ PM | |
আমতলী ((বরগুনা) প্রতিনিধি:

বরগুনার আমতলীতে সিএনজি স্ট্যান্ড দখল নেয়াকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে দুজন আহত হয়েছেন। শনিবার (৭ মার্চ) বিকেলে ঢাকা-কুয়াকাটা মহাসড়কের আমতলী উপজেলার চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন: সিএনজি মালিক সমিতির সভাপতি ও পৌর শ্রমিক দলের সভাপতি মিল্টন মিয়া (৪২) এবং উপজেলা যুবদলের সদস্য ও সিএনজি মালিক সমিতির সাধারণ সম্পাদক রাসেল আকন (৩৮)।
সংশ্লিষ্টরা জানান, সিএনজি স্ট্যান্ডের নিয়ন্ত্রণ ও দখল নিয়ে দীর্ঘদিন ধরে মিল্টন মিয়া ও রাহাত ফকিরের মধ্যে বিরোধ চলছিল। এরই জেরে দুপক্ষের সংঘর্ষ হয়। এতে মিল্টন মিয়া ও রাসেল আকন আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
এ দিকে পুলিশ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শিপন মোল্লার একটি সিএনজিচালিত অটোরিকশা থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করে। পরে উদ্ধার করা দেশীয় অস্ত্রসহ অটোরিকশাটি আমতলী থানা হেফাজতে হয়।
সিএনজি মালিক সমিতির সভাপতি মিল্টন হাওলাদার বলেন, ‘স্থানীয় প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী সিএনজি পরিচালনা করছিলাম। কিন্তু রাহাত ফকির এতে বাধা দেয়। এক পর্যায়ে আমাকেসহ দুজনকে মারধর করেছে। আমি এ ঘটনার বিচার দাবি করছি।’
এ বিষয়ে রাহাত ফকির মারধরের কথা অস্বীকার করে বলেন, ‘আগে আমি সিএনজি পরিচালনা করতাম। মিল্টন হাওলাদার জোর করে তা দখল করেছে।’
এ বিষয়ে আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ সময় একটি অটোরিকশার ভেতর থেকে দেশীয় ধারালো অস্ত্র জব্দ করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।’
সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক
| শেয়ার করতে ক্লিক করুন: | Tweet |


