আমতলীতে ফোনে পুলিশকে হুমকি দিলেন ছাত্রলীগ নেতা!

আমতলীতে ফোনে পুলিশকে হুমকি দিলেন ছাত্রলীগ নেতা!

১২ November ২০২৬ Thursday ১২:১৭:২৭ PM

Print this E-mail this


আমতলী (বরগুনা) প্রতিনিধি:

আমতলীতে ফোনে পুলিশকে হুমকি দিলেন ছাত্রলীগ নেতা!

বরগুনার আমতলীতে ইসফাক আহম্মেদ তোহা নামের নিষিদ্ধঘোষিত এক ছাত্রলীগ নেতা মোবাইল ফোনে পুলিশের এক সহকারী উপ-পরিদর্শককে (এএসআই) হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।

বুধবার (১১ নভেম্বর) দুপুর ১টা ৭ মিনিটের দিকে ঘটনাটি ঘটে বলে জানা গেছে।১ মিনিট ৫৩ সেকেন্ডের ফোনকল রেকর্ডটি দ্রুতই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। এতে উপজেলাব্যাপী চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

জানা গেছে, আমতলী থানায় দায়িত্বরত এক সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আসাদুল হককে মোবাইল ফোন কল করে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইশফাক আহমেদ তোহার বিরুদ্ধে।

ভাইরাল হওয়া কল রেকর্ডে শোনা যায়, ফোনের অপর প্রান্তে থাকা এএসআই আসাদুল হককে ইশফাক আহমেদ তোহা নিজেকে উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে পরিচয় দেন।

তিনি বলেন, তার বন্ধুকে ওসি গ্রেপ্তার করেছেন, সেটা ভালো কথা। কিন্তু তার ছোট ভাই রবিউল তাকে দেখতে থানায় গিয়েছিল। অনুমতি না নেওয়ায় তাকে থানায় ডেকে বসিয়ে রাখা হয়েছে কেন? তা নিয়ে তিনি ক্ষোভ প্রকাশ করেন।

তিনি ওই এএসআইকে উদ্দেশ্য করে বলেন, ‘এই দিনে দিন নয়’, ‘আপনি বরিশালের বাইরের লোক হয়ে কেন এমন করলেন’, ‘এর মাশুল দিতে হবে’ ও ‘আমতলী শহর জ্বালিয়ে দিলে আপনি কী করতে পারেন?’ এবং অকথ্য অশ্লীল ভাষায় গালাগাল করে দেখে নেওয়ার হুমকির কথা বলেন।

জবাবে এএসআই আসাদকে বলতে শোনা যায়, রবিউলের নামে দুটি ওয়ারেন্ট রয়েছে।

কল রেকর্ডের বিষয়ে সত্যতা স্বীকার করে এএসআই আসাদুল হক বলেন, আমি তখন ডিউটি অফিসারের দায়িত্ব পালন করেছিলাম। রবিউলকে অন্য অফিসার ধরেছেন। আর ছাত্রলীগ নেতা তোহা আমাকে কেন হুমকি দিল, বুঝতে পারছি না। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, ইশফাক আহমেদ তোহার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কার্যক্রম পরিচালনাসহ একাধিক মামলা রয়েছে আমতলী থানায়।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াকুব হোসাইন বলেন, ঘটনাটি জেনেছি। আইনগতভাবে ব্যবস্থা নেওয়া হবে। হুমকিদাতা আসামি তোহার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। তাকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। 

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts