আবাসিক ভবনে ৩০ হাজার লিটার ভোজ্যতেল মজুত – দৈনিক আজাদী

আবাসিক ভবনে ৩০ হাজার লিটার ভোজ্যতেল মজুত – দৈনিক আজাদী





হাটহাজারীতে ভোজ্যতেলের মজুদ রোধে উপজেলা প্রশাসন ও যৌথবাহিনীর অভিযানে আলম এন্টারপ্রাইজ নামে একটি প্রতিষ্ঠানকে এক লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। গতকাল শুক্রবার বিকালের দিকে পৌরসভার আলিপুর পুরাতন থানা এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) শাহেদ আরমানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উল্লেখিত স্থানে অভিযান পরিচালনার সময় আবাসিক ভবনের মধ্যে আলম এন্টারপ্রাইজ নামক প্রতিষ্ঠানে প্রায় ৩০ হাজার লিটার তেল পাওয়া যায়। এছাড়া অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও অনিরাপদভাবে তেল মজুদ করা, যথাযথ ডকুমেন্টস প্রদর্শনে ব্যর্থতা, পুরাতন স্টক শেষ হওয়ার পূর্বেই চালানের মাধ্যমে নতুন পণ্য এনে মজুদ এবং মেয়াদোত্তীর্ণ পণ্য মজুদ রাখার অপরাধে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান মালিক মো. মিজানুর রহমানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করে তা ডিজিটাল ক্যাশ রেজিস্ট্রারের (ডিসিআর) মাধ্যমে আদায় করা হয়। এ সময় মেয়াদোত্তীর্ণ পণ্যসমূহ জব্দ করা হয় এবং মজুদকৃত ভোজ্যতেল বিক্রয়ের আগ পর্যন্ত নতুন মজুদ না করার বিষয়ে কঠোর নির্দেশনাও প্রদান করা হয়। অভিযান পরিচালনার সময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, সেনাবাহিনী, র‌্যাব, বিজিবি ও হাটহাজারী মডেল থানা পুলিশ সাথে থেকে সহযোগিতা করে।

অভিযানে নেতৃত্বদানকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) শাহেদ আরমান জানান, অবৈধ মজুদ করে বাজারে কৃত্তিম সংকট তৈরীর বিরুদ্ধে জনস্বার্থে উপজেলা প্রশাসনের এ ধরণের যৌথ অভিযান অব্যাহত থাকবে।




Explore More Districts