কাল ইংল্যান্ডের হারের পর এ নিয়ে মুখ খুলেছেন বাটলার, ‘ব্যক্তিগতভাবে একটু ভাবা দরকার, আমি সমস্যার অংশ নাকি সমাধানের।’ বাটলারের কাছে এরপর জানতে চাওয়া হয়েছিল, ইংল্যান্ড দলের অধিনায়ক হিসেবে ভবিষ্যতে দায়িত্ব পালন করবেন কি না, সে বিষয়টি তিনি ভাববেন কি না? উত্তরে ‘হ্যাঁ’ বলে বাটলার যোগ করেন, ‘যেটা বলেছি, আমি এখন এখানে আবেগতাড়িত হয়ে কোনো সিদ্ধান্ত নেব না। নিজেকে নিয়ে ভাবনার জন্য একটু সময় নেব, যেটা আমি মনে করি সঠিক এবং দায়িত্বের শীর্ষ যাঁরা আছেন, তাঁরাও নিজেদের মতামত দেবেন।’
তবে বাটলার জানিয়েছেন, তিনি অধিনায়কত্ব উপভোগ করেন, ‘অনেকেই মনে করেন, অধিনায়কত্ব আমাকে মানায় না। কিন্তু আমি নেতৃত্ব উপভোগ করি। এমনকি সেটা অধিনায়ক হওয়ার আগে থেকেই। দলে নিজেকে নেতা হিসেবেই ভাবি…অবশ্যই সবাই নেতৃত্ব দিয়ে দলকে জেতাতে চায়, যেটা কিছুদিন ধরেই আমরা পারছি না। এতে কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে।’


