যশোর মেডিকেল কলেজের কলোরেক্টাল সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ও প্রখ্যাত সার্জন ডা. মাহমুদুল হাসান পান্নু মর্যাদাপূর্ণ দুটি আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে যোগ দিতে ভারত ও জাপান সফরে রওনা হয়েছেন। বর্তমানে তিনি ভারতে অবস্থান করছেন। এন্ডোস্কোপিক ও কলোরেক্টাল সার্জারির চিকিৎসায় আন্তর্জাতিক পর্যায়ের এই সম্মেলনগুলো চিকিৎসা বিজ্ঞানের সর্বাধুনিক প্রযুক্তি ও গবেষণার অভিজ্ঞতা বিনিময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ডা. পান্নু’র সফরের প্রথম আয়োজন অনুষ্ঠিত হবে ভারতে। চিকিৎসকদের সংগঠন ‘অ্যাসোসিয়েশন অব মিনিমাল অ্যাকসেস সার্জনস অব ইন্ডিয়া’ (এএমএএসআই) এর তত্ত্বাবধানে পশ্চিমবঙ্গের কলকাতায় আয়োজিত ২১তম আন্তর্জাতিক সম্মেলনে ‘অ্যামাসিকন ২০২৬’ এ অংশগ্রহণ করবেন তিনি।
আগামী ২৭ থেকে ৩০ আগস্ট পর্যন্ত চার দিনব্যাপী এই আন্তর্জাতিক সায়েন্টিফিক সম্মেলনে বিশ্বমানের সার্জন ও ল্যাপারোস্কোপিক, মিনিমাল অ্যাকসেস সার্জারির নতুন প্রযুক্তি ও চিকিৎসাপদ্ধতি নিয়ে আলোচনা করবেন।
ভারত সফর শেষে ৩১ আগস্ট ডা. পান্নু যাবেন জাপানে। সেখানে অনুষ্ঠিত হতে যাচ্ছে এন্ডোস্কোপিক সার্জারির বৈশ্বিক মহাসমাবেশ ‘২২তম ওয়ার্ল্ড কংগ্রেস অব এন্ডোস্কোপিক সার্জারি’ (ডব্লিউসিইএস ২০২৬)। এই সম্মেলনটি ‘জাপান সোসাইটি ফর এন্ডোস্কোপিক সার্জারি’ এর ৩৯তম বার্ষিক সভার সাথে যৌথভাবে অনুষ্ঠিত হবে।
জাপানের ঐতিহাসিক বন্দর নগরী ইয়োকোহামার বিখ্যাত ‘প্যাসিফিকো ইয়োকোহামা’ কনভেনশন সেন্টারে আগামী ২ থেকে ৫ সেপ্টেম্বর পর্যন্ত এ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতেও অংশগ্রহণ করবেন ডাক্তার পান্নু।
বিশ্বের চিকিৎসা বিজ্ঞানের শীর্ষ বিশেষজ্ঞদের এই মহাসমাবেশে সাড়ে তিন হাজারেরও বেশি গবেষণা ও পেপার উপস্থাপনা থাকবে। চিকিৎসকদের পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়, উন্নত এন্ডোস্কোপিক সার্জিক্যাল কেয়ারের সর্বশেষ প্রযুক্তি পর্যবেক্ষণ এবং আন্তর্জাতিক নেটওয়ার্কিংয়ের ক্ষেত্রে এই সফর দেশের চিকিৎসা খাতে বিশেষ করে কলোরেক্টাল ও এন্ডোস্কোপিক চিকিৎসায় বড় ধরনের অবদান রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

