আথিয়া শেঠির স্বাক্ষর জাল করে কোটি টাকা প্রতারণা, গ্রেপ্তার ৩ – DesheBideshe

আথিয়া শেঠির স্বাক্ষর জাল করে কোটি টাকা প্রতারণা, গ্রেপ্তার ৩ – DesheBideshe

আথিয়া শেঠির স্বাক্ষর জাল করে কোটি টাকা প্রতারণা, গ্রেপ্তার ৩ – DesheBideshe

মুম্বাই, ০৬ জানুয়ারি – জালিয়াতি ও কোটি টাকার প্রতারণার ঘটনায় বিপাকে পড়েছেন বলিউড অভিনেতা সুনীল শেঠির মেয়ে অভিনেত্রী আথিয়া শেঠি। তার স্বাক্ষর জাল করে একটি বিজ্ঞাপনী সংস্থার মাধ্যমে বিপুল অঙ্কের অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে মুম্বাই পুলিশ।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন—একটি বিজ্ঞাপনী সংস্থার উচ্চপদস্থ কর্মকর্তা ঋষভ সুরেকা, সংস্থার মালিক যশ নাগরকোটি এবং অশায় শাস্ত্রী। পুলিশ জানায়, অভিযুক্ত ঋষভ সুরেকার বিরুদ্ধে আথিয়া শেঠির স্বাক্ষর জাল করার পাশাপাশি অভিনেতা আরশাদ ওয়ারসীর নামে ভুয়া ই-মেইল আইডি তৈরির অভিযোগও রয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, ২০২৪ সালের জানুয়ারিতে ঋষভ সুরেকা আথিয়ার সহকারী দলের সঙ্গে যোগাযোগ করেন। একটি জুয়েলারি ব্র্যান্ডের বিজ্ঞাপনের জন্য ৪০ লাখ রুপির চুক্তি নিয়ে প্রাথমিক আলোচনা হলেও শেষ পর্যন্ত সেটি চূড়ান্ত হয়নি। তবে এরপরও ঋষভ ওই জুয়েলারি ব্র্যান্ডকে আশ্বস্ত করেন যে আথিয়াই তাদের বিজ্ঞাপনে কাজ করবেন।

এরপর তিনি আথিয়ার স্বাক্ষর জাল করে ব্র্যান্ডটির সঙ্গে চুক্তি সম্পন্ন করেন। একই সঙ্গে আথিয়া শেঠি ও তার স্বামী ক্রিকেটার কেএল রাহুলের নাম ব্যবহার করে বিভিন্ন জায়গা থেকে অর্থ আত্মসাৎ করার অভিযোগও উঠেছে।

পুলিশ আরও জানায়, ২০২৩ সালে সংশ্লিষ্ট বিজ্ঞাপনী সংস্থায় যোগ দেওয়ার পর থেকেই ঋষভের বিরুদ্ধে একাধিক অনিয়মের অভিযোগ পাওয়া যায়। চাকরিতে যোগ দেওয়ার পরপরই মায়ের চিকিৎসার কথা বলে তিনি ১৫ লাখ রুপি ঋণ নেন। পরে অভিনেত্রী দিয়া মির্জাকে দিয়ে বিজ্ঞাপনের কাজ করানোর অজুহাতে ৬২ লাখ রুপি হাতিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

সব মিলিয়ে কোটি টাকার এই জালিয়াতির ঘটনায় বর্তমানে তিন অভিযুক্ত পুলিশি হেফাজতে রয়েছেন। পুরো বিষয়টি তদন্তাধীন রয়েছে। এদিকে, এই প্রতারণা কাণ্ডে নাম জড়িয়ে আলোচনায় চলে এসেছেন সুনীল শেঠি কন্যা আথিয়া শেঠি।

এনএন/ ০৬ জানুয়ারি ২০২৬



Explore More Districts