| ২৫ February ২০২৬ Wednesday ২:৫৭:২৭ PM | |
আগৈলঝাড়া ((বরিশাল) প্রতিনিধি:

বরিশালের আগৈলঝাড়া উপজেলায় নির্বাচন পরবর্তী বিরোধকে কেন্দ্র করে বিএনপির দুইগ্রুপের মধ্যে হামলা ও সংঘর্ষে মা ও ছেলেসহ তিনজন আহত হয়েছে।
আহতদের উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, রত্নপুর ইউনিয়নের মোহনকাঠী-রত্নপুর সড়কের পাশে পুলিন সরকারের ব্যবসা প্রতিষ্ঠানে রবিবার রাতে অবস্থান করছিলেন ধানের শীষ প্রতীকের সমর্থক ও রত্নপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড নির্বাচন পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক চৈতন্য সরকার।
অভিযোগ রয়েছে, কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক সৈয়দ নাজমুল ইসলাম বাহার তাকে দোকান থেকে ডেকে আনেন। পরে বাহারের সহযোগি ও ফুটবল প্রতীকের সমর্থক বিধান বৈরাগী তাকে মারধর করে। এতে গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এ ঘটনার পর আজ মঙ্গলবার সকালে চৈতন্য সরকারের বাড়িতে তাকে দেখতে ও সমবেদনা জানাতে যান উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক সিকদার হাফিজুল ইসলাম, যুগ্ম আহবায়ক সামচুল হক খোকন, আলী হোসেন স্বপন ভূইয়া, ইউনিয়ন বিএনপির আহবায়ক মিঠু মীরসহ দলীয় নেতাকর্মীরা।
এ সময় সেখানে রত্নপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক সৈয়দ ফাইজুল ইসলাম উপস্থিত হয়ে চৈতন্য সরকারকে উদ্দেশ্য করে অশালীন ভাষায় গালিগালাজ করেন।
এনিয়ে ছাত্রদল নেতা বাদল বালীর সঙ্গে তার বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে উভয়পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এতে সৈয়দ ফাইজুল ইসলাম আহত হন। তাকে রক্ষা করতে গিয়ে তার মা ডালিয়া বেগম (৪৯) আহত হয়েছেন।
আহত মা ও ছেলেকে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
অভিযুক্ত বিধান বৈরাগী ও বাদল বালী হামলার অভিযোগ অস্বীকার করে বলেন, এ ঘটনার সঙ্গে তারা জড়িত নন এবং কারা এ ঘটনা ঘটিয়েছে তা তাদের জানা নেই।
কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক সৈয়দ নাজমুল ইসলাম বাহার বলেন, তিনি চৈতন্য সরকারকে দোকান থেকে ডেকে আনলেও মারধরের ঘটনার সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই।
উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক সিকদার হাফিজুল ইসলাম বলেন, ধানের শীষ প্রতীকের সমর্থক চৈতন্য সরকারকে ফুটবল প্রতীকের সমর্থকরা মারধর করে। এ ঘটনায় দলীয় নেতাকর্মীরা তার বাড়িতে গিয়ে খোঁজখবর নিয়েছেন।
আগৈলঝাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল্লাহ আল মামুন বলেন, জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
সেখানে দুইপক্ষের সমর্থকদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে বলে জানা গেছে। তবে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক
| শেয়ার করতে ক্লিক করুন: | Tweet |

