| ২৮ February ২০২৬ Saturday ১০:১২:১৯ PM | |
আগৈলঝাড়া ((বরিশাল) প্রতিনিধি:

বরিশালের আগৈলঝাড়ায় মাদক ব্যবসার অভিযোগে মাছের ঘেরের মালিককে গ্রেফতার করে পুলিশ। মাদকের সঙ্গে সম্পৃক্ততার তথ্য পুলিশকে দেওয়ার সন্দেহে এক কর্মচারীকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের অভিযোগ উঠেছে ঘের মালিক শেখর বসুর বিরুদ্ধে।
ঘের মালিক জেল থেকে বের হয়ে কর্মচারী নারায়ণ হালদারকে রশি দিয়ে বেঁধে মারধর করে মাথার চুল কেটে দেয়। নারায়ণ পানি চাইলে মুখে প্রস্রাব করে শেখর বসু। এ ঘটনায় শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) ভুক্তভোগী কর্মচারী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বাকাল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কোদালধোয়া গ্রামের মৃত নরেন বসুর ছেলে শেখর বসুর (৪৫) কদমবাড়ি গ্রামে একটি মাছের ঘের রয়েছে। ওই ঘেরে একাধিক কর্মচারী দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন।
গত ৯ ফেব্রুয়ারি শেখর বসুকে মাদকের সঙ্গে সম্পৃক্ততা থাকার অভিযোগে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করে। শেখর বসু ১২ দিন জেল খেটে ২২ ফেব্রুয়ারি জামিনে বের হন। এরপর ২৪ ফেব্রুয়ারি রাত সাড়ে ১০টার দিকে নিজের ঘেরপাড়ের ঘরে সব কর্মচারীকে ডেকে তার গ্রেফতারের বিষয়ে জিজ্ঞাসা করে সব কর্মচারীকে ছেড়ে দেয়।
এ সময় বাকাল গ্রামের মৃত হরলাল হালদারের ছেলে নারায়ণ হালদারকে গ্রেফতারের তথ্য দেওয়ার সন্দেহে ঘরে আটক করে রশি দিয়ে বাঁধা হয়। এরপর তাকে মারধর করে মাথার চুল কেটে দেওয়া হয়। এ সময় নারায়ণ হালদার অসুস্থ হয়ে পড়লে পানি খেতে চাইলে শেখর বসু তার মুখে প্রস্রাব করে দেন।
নির্যাতনের ঘটনার পর শেখর বসু নিজের মাকে ভিডিও কলে দেখালে তার মা নারায়ণ হালদারকে ছেড়ে দিতে বলেন। এ সময় নারায়ণ হালদারের মোবাইল, টাকা, টর্চলাইট রেখে দেওয়া হয়।
গুরুতর আহত অবস্থায় নারায়ণ হালদারকে পরিবারের লোকজন আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ঘটনায় ভুক্তভোগী নারায়ণ হালদার থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
এ ব্যাপারে অভিযুক্ত শেখর বসু সাংবাদিকদের জানান, নারায়ণ হালদারকে নির্যাতনের সঙ্গে আমি জড়িত নই। আমি ষড়যন্ত্রের শিকার। অসুস্থ হয়ে বরিশালে চিকিৎসা নিচ্ছি।
এ ব্যাপারে আগৈলঝাড়া থানার এসআই আব্দুল্লাহ আল মামুন শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) লিখিত অভিযোগ পাওয়ার সত্যতা স্বীকার করে বলেন, পুরো ঘটনা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক
| শেয়ার করতে ক্লিক করুন: | Tweet |


