আকাশসীমা আংশিক খোলায় ইরান ছাড়ার নির্দেশ যুক্তরাষ্ট্রের, ট্রাম্পের মুখে শান্তির ইঙ্গিত – DesheBideshe

আকাশসীমা আংশিক খোলায় ইরান ছাড়ার নির্দেশ যুক্তরাষ্ট্রের, ট্রাম্পের মুখে শান্তির ইঙ্গিত – DesheBideshe



আকাশসীমা আংশিক খোলায় ইরান ছাড়ার নির্দেশ যুক্তরাষ্ট্রের, ট্রাম্পের মুখে শান্তির ইঙ্গিত – DesheBideshe

ওয়াশিংটন, ২২ এপ্রিল – ইরানের আকাশসীমা আংশিকভাবে খুলে দেওয়ার পর দেশটিতে অবস্থানরত মার্কিন নাগরিকদের দ্রুত ত্যাগের পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর।

বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক বার্তায় এই নির্দেশনা দেওয়া হয়।

বার্তায় মার্কিন নাগরিকদের ফ্লাইটের তথ্যের জন্য ইরানের বাণিজ্যিক এয়ারলাইন্সগুলোর সঙ্গে যোগাযোগ এবং স্থানীয় সংবাদমাধ্যমের খবরাখবর পর্যবেক্ষণ করতে বলা হয়েছে।

আকাশপথ ছাড়াও সড়কপথে আর্মেনিয়া, আজারবাইজান, তুরস্ক ও তুর্কমেনিস্তান হয়ে নাগরিকরা ইরান ছাড়তে পারবেন বলে জানিয়েছে পররাষ্ট্র দপ্তর। তবে আফগানিস্তান ও ইরাক হয়ে যাতায়াত না করার জন্য নাগরিকদের নিরুৎসাহিত করা হয়েছে। এছাড়া দ্বৈত নাগরিকত্ব থাকা ব্যক্তিদের ইরানি পাসপোর্ট ব্যবহার করে ভ্রমণের পরামর্শ দেওয়া হয়েছে।

এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দ্বিতীয় দফার শান্তি আলোচনা নিয়ে আগামী শুক্রবারের মধ্যে ভালো খবর আসতে পারে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

দ্য নিউইয়র্ক পোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এবং পাকিস্তানি কিছু সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। পাকিস্তানের মধ্যস্থতায় তেহরানের সঙ্গে আলোচনার বিষয়ে ইতিবাচক অগ্রগতি হচ্ছে বলে জানা গেছে।

এর আগে গত মঙ্গলবার ট্রাম্প জানিয়েছিলেন যে ইরানের নেতারা একটি ঐক্যবদ্ধ প্রস্তাব না আনা পর্যন্ত বর্তমান যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো হয়েছে। তবে একই সময়ে মার্কিন সামরিক বাহিনীকে অবরোধ ও অন্যান্য সব ক্ষেত্রে প্রস্তুত থাকার নির্দেশও দিয়েছেন তিনি।

ট্রাম্পের ঘোষণার পর থেকে ইরানের সঙ্গে কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রেখেছে ইসলামাবাদ।

এনএন/ ২২ এপ্রিল ২০২৬



Explore More Districts