
রংপুর, ১ ফেব্রুয়ারি – জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া মন্তব্য করেছেন যে গণঅভ্যুত্থানের পরবর্তী সময়ে আওয়ামী লীগ এবং তাদের সহযোগীরা দেশের রাজনীতিতে তাদের প্রাসঙ্গিকতা পুরোপুরি হারিয়েছে।
রোববার বিকেলে রংপুরে এনসিপি মনোনীত প্রার্থীদের নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে তিনি এই মন্তব্য করেন। আসিফ মাহমুদ দ্ব্যর্থহীন কণ্ঠে বলেন, তাদের কোনো বক্তব্যের এখন আর কোনো প্রভাব নেই। একইসঙ্গে তিনি দিল্লির প্রসঙ্গ টেনে বলেন, দিল্লির কোনো দলের বক্তব্য বা যারা দিল্লির সঙ্গে গোপন সমঝোতা করে রাজনীতি করতে চায়, বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে তাদের কোনো গুরুত্ব নেই। সংস্কার প্রশ্নে গণভোটের বিষয়ে তিনি উল্লেখ করেন, ‘হ্যাঁ’ ভোটের পক্ষে দেশের প্রায় সব প্রধান রাজনৈতিক দল ঐকমত্য পোষণ করেছে এবং জনমতও এই সংস্কারের পক্ষেই প্রবল।
তিনি মনে করেন, জনগণ স্বতঃস্ফূর্তভাবে যে ম্যান্ডেট দেবে, তা রাষ্ট্রীয় সংস্কার কার্যক্রমকে আরও সুদৃঢ় ভিত্তির ওপর দাঁড় করাবে। তবে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে তিনি গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তাঁর মতে, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে কমিশনের সক্ষমতা নিয়ে আগেও প্রশ্ন ছিল এবং এখনো রয়েছে। তিনি অভিযোগ করেন, নির্বাচনের সময় ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে মাঠ পর্যায়ে কমিশনের নিয়ন্ত্রণ দুর্বল হয়ে পড়ছে এবং নির্দিষ্ট কোনো দলকে অনৈতিক সুবিধা দেওয়ার পাশাপাশি বিভিন্ন স্থানে সংঘাতের ঘটনা ঘটছে।
সবশেষে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, যদি কোনো বিতর্কিত নির্বাচনের মাধ্যমে বা সমঝোতার ভিত্তিতে প্রধানমন্ত্রী নির্বাচনের অপচেষ্টা করা হয়, তবে এগারো দলীয় জোট কঠোর কর্মসূচি ঘোষণা করতে প্রস্তুত রয়েছে।
এস এ এস / ১ ফেব্রুয়ারি ২০২৬




