আইসিসি টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে বড় উন্নতি বাংলাদেশের, অষ্টম স্থানে টাইগাররা – DesheBideshe

আইসিসি টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে বড় উন্নতি বাংলাদেশের, অষ্টম স্থানে টাইগাররা – DesheBideshe



আইসিসি টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে বড় উন্নতি বাংলাদেশের, অষ্টম স্থানে টাইগাররা – DesheBideshe

ঢাকা, ৫ মে – আইসিসি টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের বার্ষিক হালনাগাদে বড় সুসংবাদ পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে সদ্য সমাপ্ত সিরিজ ড্র করার পর আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের নতুন তালিকায় এক ধাপ এগিয়ে এখন অষ্টম স্থানে উঠে এসেছে টাইগাররা।

মঙ্গলবার প্রকাশিত আইসিসির টি-টোয়েন্টি র‍্যাঙ্কিং অনুযায়ী বাংলাদেশের বর্তমান রেটিং পয়েন্ট দাঁড়িয়েছে ২২৫। এই পয়েন্ট অর্জন করেই টাইগাররা পেছনে ফেলেছে শ্রীলঙ্কাকে।

অন্যদিকে ছয় পয়েন্ট হারিয়ে লঙ্কানরা নবম স্থানে নেমে গেছে। তাদের ঠিক পরেই ২২০ পয়েন্ট নিয়ে দশম অবস্থানে রয়েছে আফগানিস্তান।

র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থানটি ধরে রেখেছে ভারত। ২৭৫ রেটিং পয়েন্ট নিয়ে তারা প্রথম অবস্থানে আছে। তালিকার দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া। এছাড়া নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ নিজেদের অবস্থান অপরিবর্তিত রেখেছে এবং শীর্ষ সাতের মধ্যে অবস্থান করছে।

আইসিসির এই নতুন র‍্যাঙ্কিংয়ে গত এক বছরের পারফরম্যান্সকে পুরোপুরি গুরুত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি এর আগের দুই বছরের ম্যাচগুলোর পারফরম্যান্স বিবেচনা করা হয়েছে ৫০ শতাংশ হারে। সাম্প্রতিক সময়ে ধারাবাহিক ভালো খেলার ফলেই বাংলাদেশ দলের র‍্যাঙ্কিংয়ে এই উন্নতি ঘটেছে বলে বিশ্লেষকরা মনে করছেন।

এনএন/ ৫ মে ২০২৬



Explore More Districts