আইনের শাসনই হবে রাষ্ট্র পরিচালনার শেষ কথা: তারেক রহমান – DesheBideshe

আইনের শাসনই হবে রাষ্ট্র পরিচালনার শেষ কথা: তারেক রহমান – DesheBideshe

আইনের শাসনই হবে রাষ্ট্র পরিচালনার শেষ কথা: তারেক রহমান – DesheBideshe

ঢাকা, ১৮ ফেব্রুয়ারি – ‘কোনো দলীয় প্রভাব, প্রতিপত্তি কিংবা জোর-জবরদস্তি নয়, আইনের শাসনই হবে রাষ্ট্র পরিচালনার শেষ কথা’—বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাতে জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে তিনি এ কথা বলেন। এ সময় তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, আসন্ন রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সিন্ডিকেট ভাঙতে সরকার বদ্ধপরিকর।

ভাষণের শুরুতে প্রধানমন্ত্রী মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন এবং হাজারও শহীদের আত্মত্যাগের কথা স্মরণ করেন। তিনি বলেন, শহীদদের প্রাণের বিনিময়ে দেশ ও জনগণের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষা করা সম্ভব হয়েছে। বর্তমান সরকারকে জনগণের কাছে জবাবদিহিমূলক উল্লেখ করে তিনি গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার এই যাত্রালগ্নে দেশবাসীকে অভিনন্দন জানান।

তারেক রহমান দেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ওপর জোর দিয়ে বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে পাহাড়ে কিংবা সমতলে বসবাসকারী সবার জন্যই এই দেশ। প্রতিটি নাগরিকের জন্য বাংলাদেশকে একটি নিরাপদ ভূমিতে পরিণত করাই বিএনপি সরকারের লক্ষ্য। তিনি বিগত সময়ের দুর্নীতি ও দুঃশাসনের কথা উল্লেখ করে জানান, একটি ভঙ্গুর অর্থনীতি ও দুর্বল শাসন কাঠামোর মধ্য দিয়ে নতুন সরকার যাত্রা শুরু করেছে।

সরকারপ্রধান আরও জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং কঠোরভাবে দুর্নীতি নিয়ন্ত্রণই সরকারের প্রধান অগ্রাধিকার। তিনি মাদক ও জুয়ার বিস্তারকে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির অন্যতম কারণ হিসেবে চিহ্নিত করেন এবং এসব নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপের কথা জানান। দেশের প্রতিটি প্রতিষ্ঠান বিধিবদ্ধ নিয়মে চলবে উল্লেখ করে তিনি জনজীবনে শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

এসএএস/ ১৮ ফেব্রুয়ারি ২০২৬



Explore More Districts