
সেক্রামেনট, ১১ এপ্রিল – বিশ্বের অন্যতম বৃহৎ লাইভ মিউজিক ফেস্টিভ্যাল কোচেলা ২০২৬ ক্যালিফোর্নিয়ায় শুরু হয়েছে। এবারের এই কনসার্টের অন্যতম প্রধান আকর্ষণ কানাডিয়ান পপ সংগীতশিল্পী জাস্টিন বিবার। ২০২২ সালে অসুস্থতার কারণে কনসার্ট বাতিল করার পর এটিই হতে যাচ্ছে কোনো বড় মঞ্চে তার প্রথম প্রত্যাবর্তন। সে বছর এই শিল্পী জানিয়েছিলেন যে তিনি র্যামসি হান্ট সিনড্রোমে আক্রান্ত এবং তার মুখের এক পাশ পক্ষাঘাতগ্রস্ত।
তবে গত বছর তিনি সুস্থ হয়ে ওঠার খবর দেন এবং পুনরায় কনসার্টে ফেরার প্রস্তুতি শুরু করেন। কোচেলা ফেস্টিভ্যালের প্রথম পর্ব অনুষ্ঠিত হবে ১০ থেকে ১২ এপ্রিল এবং দ্বিতীয় পর্ব চলবে ১৭ থেকে ১৯ এপ্রিল পর্যন্ত। ধারণা করা হচ্ছে ১১ ও ১৮ তারিখ মঞ্চ মাতাবেন বিবার। অসুস্থতার মাঝেও তিনি গানের রেকর্ডিং চালিয়ে গেছেন। দীর্ঘ চার বছর বিরতির পর ২০২৫ সালের জুলাই মাসে তার সপ্তম স্টুডিও অ্যালবাম সোয়্যাগ মুক্তি পায়।
এর ঠিক দুই মাস পরই সোয়্যাগ টু রিলিজ করে ভক্তদের চমকে দেন তিনি। বিবার ছাড়াও এবারের আয়োজনে পারফর্ম করবেন সাবরিনা কার্পেন্টার, ক্যারল জি, মোবি, দ্য স্ট্রোকস এবং ফ্যাট বয় স্লিমের মতো তারকারা। আয়োজকদের তথ্যমতে গত বছর অতিরিক্ত গরমে অনেক দর্শক অসুস্থ হয়ে পড়েছিলেন, তবে এবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়ার এমন পূর্বাভাস সত্ত্বেও মাত্র তিন দিনে সব টিকিট বিক্রি হয়ে গেছে এবং প্রায় এক লাখ ছাব্বিশ হাজারের বেশি দর্শক এই আয়োজনে অংশ নেবেন বলে আশা করা হচ্ছে।
এস এম/ ১১ এপ্রিল ২০২৬



