
টাঙ্গাইল, ৮ মার্চ – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, দেশের অর্থনীতিকে একটি শক্ত ভিত্তির ওপর দাঁড় করানোর লক্ষ্যে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। একটি দুর্নীতিমুক্ত সমাজ বিনির্মাণ করাই বর্তমান সরকারের লক্ষ্য এবং এ উদ্দেশ্যে প্রধানমন্ত্রী দুর্নীতিকে জিরো টলারেন্স নীতিতে রেখেছেন।
শনিবার সন্ধ্যায় টাঙ্গাইল সদর উপজেলার বরুহায় ব্যুরো ইনস্টিটিউট কনফারেন্স রুমে সোনালী ব্যাংক পিএলসির আয়োজনে অনুষ্ঠিত বিভাগীয় সম্মেলন ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী তার বক্তব্যে উল্লেখ করেন যে বর্তমান সরকারের যাত্রা খুব বেশি দিনের নয় এবং এর মাঝেই নির্বাচনী প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
তিনি বলেন, বিগত সরকারের আমলে ব্যাপক দুর্নীতির কারণে দেশের অনেক ব্যাংক দেউলিয়া হওয়ার উপক্রম হয়েছিল। তবে সেই কঠিন পরিস্থিতিতেও সোনালী ব্যাংক নিজেদের শক্ত অবস্থান ধরে রাখতে সক্ষম হয়েছে, যা সম্ভব হয়েছে ব্যাংকের কর্মকর্তাদের কর্মদক্ষতা ও আন্তরিকতার কারণে। দেশের অর্থনৈতিক অগ্রগতিতে ব্যাংকিং খাতের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে উল্লেখ করে তিনি সোনালী ব্যাংকের কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।
সুলতান সালাউদ্দিন টুকু আরও বলেন, সরকারের প্রতি সাধারণ জনগণের আস্থা রয়েছে। সেই আস্থার মর্যাদা রক্ষা করে সরকার প্রতিশ্রুতি অনুযায়ী দেশকে উন্নয়ন ও অগ্রগতির পথে এগিয়ে নিয়ে যাবে। প্রধানমন্ত্রীর নিয়মিত অফিস করা ও কর্মতৎপরতা দেশের মানুষের কাছে ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করেছে বলেও তিনি মন্তব্য করেন।
এছাড়া সরকারি প্রটোকল গ্রহণ না করে সাধারণ মানুষের মতো চলাফেরা করায় প্রধানমন্ত্রীর প্রশংসা করেন তিনি। সোনালী ব্যাংকের বিভাগীয় এই সম্মেলনে জামালপুর অঞ্চলের জেনারেল ম্যানেজার গোপাল চন্দ্র গোলদারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সোনালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. শওকত আলী খান।
এছাড়া ডেপুটি ম্যানেজার ইকবাল হোসেন ও রফিকুল ইসলামসহ অনুষ্ঠানে সোনালী ব্যাংকের ১০১টি শাখার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এম ম/ ৮ মার্চ ২০২৬




