
নিউ ইয়র্ক, ৬ ফেব্রুয়ারি – নিউ ইয়র্ক ও নিউ জার্সির সংযোগকারী গুরুত্বপূর্ণ রেল টানেল প্রকল্পের কয়েক বিলিয়ন ডলারের তহবিল ছাড়ের বিনিময়ে অদ্ভুত এক শর্ত জুড়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, এই প্রকল্পের তহবিল পেতে হলে নিউ ইয়র্কের বিখ্যাত পেন স্টেশন এবং ওয়াশিংটনের ডুলস আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পরিবর্তন করে তার নামে করতে হবে।
মার্কিন সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী, গত মাসে সিনেট মাইনরিটি লিডার চাক শুমারের সঙ্গে এক বৈঠকে ট্রাম্প এই প্রস্তাব দেন। তবে শুমার তাৎক্ষণিকভাবে তা প্রত্যাখ্যান করেন এবং স্পষ্ট জানিয়ে দেন যে স্থাপনার নাম পরিবর্তনের এখতিয়ার তার হাতে নেই। হার্ডসন নদীর তলদেশ দিয়ে যাওয়া গেটওয়ে নামের এই মেগা প্রকল্পের জন্য প্রায় ১৬ বিলিয়ন ডলার বরাদ্দ রয়েছে। রাজনৈতিক বিরোধের জেরে ট্রাম্প প্রশাসন গত বছরের শেষ দিকে এই বিশাল অঙ্কের অর্থছাড় বন্ধ করে দেয় বলে ডেমোক্র্যাট নেতাদের অভিযোগ।
বর্তমানে অর্থছাড়ের দাবিতে নিউ ইয়র্ক ও নিউ জার্সি অঙ্গরাজ্য ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে আইনি লড়াই চালিয়ে যাচ্ছে। হোয়াইট হাউসে ফেরার পর থেকেই প্রেসিডেন্ট ট্রাম্প বিভিন্ন রাষ্ট্রীয় উদ্যোগে নিজের নাম যুক্ত করার ব্যাপক প্রচেষ্টা শুরু করেছেন, যার মধ্যে রয়েছে ট্রাম্প গোল্ড কার্ড ও রণতরির নামকরণ। এদিকে গেটওয়ে কমিশন সতর্ক করে জানিয়েছে, অবিলম্বে তহবিল না পেলে প্রকল্পের কাজ বন্ধ হয়ে যাবে এবং এর ফলে প্রায় এক হাজার শ্রমিক তাদের কর্মসংস্থান হারাবেন।
অন্যদিকে ওয়াশিংটনের ডুলস বিমানবন্দরের নাম পরিবর্তনের জন্য কয়েকজন রিপাবলিকান আইনপ্রণেতা বিল উত্থাপন করলেও তা এখনো কংগ্রেসে পাস হয়নি। এ বিষয়ে চাক শুমারের মুখপাত্র বা হোয়াইট হাউস থেকে এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।
এস এম/ ৬ ফেব্রুয়ারি ২০২৬



