খাগড়াছড়ির মানিকছড়িতে পাহাড় নিধনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করছে উপজেলা প্রশাসন। গতকাল রোববার সকালে যোগ্যাছোলা ইউনিয়নের খাড়িছড়া এলাকায় বিশাল জায়গাজুড়ে বেশ কয়েকটি পাহাড় কেটে সাবাড় করছিল মো. মনির হোসেন নামের এক ব্যক্তিসহ কয়েকজন। খবর পেয়ে দুপুরে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) খাদিজা তাহিরা। অভিযানে দুটি স্কেভেটর জব্দ করা হয়। এসময় পাহাড় কাটায় জড়িতরা প্রশাসনের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।
অভিযানকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট খাদিজা তাহিরা বলেন, বেশ কয়েকটি পাহাড় কাটার আলামত পাওয়া গেছে। দুটি স্কেভেটর জব্দ করা হয়েছে। পাহাড় কাটায় জড়িতদের বিরুদ্ধে পরিবেশ আইনে মামলার প্রস্তুতি চলছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এই অভিযান অব্যাহত থাকবে।
অভিযানকালে স্থানীয় ইউপি সদস্য প্রিয়লাল চাকমা, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও সাংবাদিক আবদুল মান্নান, সাংবাদিক মো. রবিউল হোসেন, থানার এসআই তারেকুল ইসলামসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, সম্প্রতি মানিকছড়ি বিভিন্ন ইউনিয়ন এলাকায় প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে দিন–রাত এই পাহাড় ধ্বংসযজ্ঞ চালাচ্ছে একটি চক্র। তথ্য রয়েছে গত ১ বছরে অন্তত অর্ধশতাধিক পাহাড় সাবাড় করেছে চক্রটি। বিভিন্ন সময় প্রশাসনের তৎপরতা চোখে পড়লেও থামানো যাচ্ছে না পাহাড় খেকোদের।





