বৃহত্তর জৈন্তিয়ার ঘরে ঘরে গ্যাস সংযোগ, কানাইঘাট বুরহান উদ্দিন রোড সম্প্রসারণ ও উন্নয়ন এবং কানাইঘাট উপজেলা হাসপাতাল ৫০ শয্যায় সার্বিক কার্যক্রম দ্রত চালু ও বৃহত্তর জৈন্তার সকল পাথর কোয়ারী সচল করা সহ বৃহত্তর জৈন্তিয়ার ১০ দফা দাবী অবিলম্বে বাস্তবায়ন করতে হবে।
রবিবার (৩১ মে) বিকাল ৪টায় কানাইঘাট উত্তর বাজারে বৃহত্তর জৈন্তিয়া উন্নয়ন পরিষদ কানাইঘাট উপজেলা শাখার অভিষেক ও ঈদ পূর্ণমিলনী অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে বৃহত্তর জৈন্তিয়া উন্নয়ন পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সিলেট প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি এমএ হান্নান উপরোক্ত কথাগুলো বলেন।
বৃহত্তর জৈন্তিয়া উন্নয়ন পরিষদ কানাইঘাট উপজেলা শাখার সভাপতি হাজী মুহিবুর রহমানের সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন,সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি ও বৃহত্তর জৈন্তিয়া উন্নয়ন পরিষদ’র কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক গোলজার আহমদ হেলাল,পরিষদের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি আবুল মনসুর সাজু চৌধুরী, কানাইঘাট পৌর বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, বৃহত্তর জৈন্তিয়া উন্নয়ন পরিষদ’র কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি একেএম ওলিউল্লাহ ও ডাঃ ময়নুল হক, শিক্ষা সম্পাদক মো: আলমগীর হোসেন।
পরিষদের উপজেলা কমিটির সিনিয়র সহ-সভাপতি শমসের আলমের পরিচালনায় অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য রাখেন, বৃহত্তর জৈন্তিয়া উন্নয়ন পরিষদ কানাইঘাট উপজেলা শাখার সহ-সভাপতি ফয়জুর রহমান মহরী,সাধারণ সম্পাদক ফাহিম আহমদ, শফিকুল হক, সদস্য ইসলাম উদ্দিন মহরী প্রমুখ।
এ সময় অতিথি বৃন্দ বলেন আমরা বৃহত্তর জৈন্তার ১০ দফা দাবী নিয়ে বর্তমান সরকারের শ্রম ও কর্ম সংস্থান এবং প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর সাথে দেখা করেছি। এতে মন্ত্রী আরিফুল হক চৌধুরী, বৃহত্তর জৈন্তিয়ার এসব দাবী দাওয়া বাস্তবায়নে সরকারের সংশ্লিষ্ট দপ্তরের সাথে কথা বলবেন বলে আমাদের জানিয়েছেন। সেই সাথে সিলেট-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবুল হাসানের সাথে বৃহত্তর জৈন্তিয়া উন্নয়ন পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি স্বাক্ষাৎ করে ১০ দফা দাবী তুলে ধরেন।
সভায় বক্তারা অবিলম্বে বৃহত্তর জৈন্তিয়ার গণমানুষের দাবী দাওয়া বাস্তবায়ন সহ কানাইঘাটের লোভাছড়া পাথর কোয়ারী খুলে দেওয়া এবং নদী ভাঙ্গন প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণে সরকারের প্রতি জোর দাবী জানান।অভিষেক ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ব্যবসায়ীবৃন্দ,স্থানীয় সাংবাদিকগণ সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সুধীজন উপস্থিত ছিলেন।


