| ২৭ February ২০২৫ Thursday ১:৫৬:৪৪ PM | |
নগর প্রতিনিধি:

অবিলম্বে থ্রী হুইলার ২০২৪ সালের নীতিমালা চুড়ান্ত করে লাইসেন্স প্রদান ও বরিশাল সিটি কর্পোরেশন বিগত স্বৈরাচারের আমলে দুর্নীতি দলবাজির মাধ্যমে প্রদত্ত টোকেনের নবায়ন বন্ধ করে প্রকৃত চালকদের নম্বরপ্লেট দেয়ার দাবিতে বরিশালে সংগ্রাম পরিষদের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।
আজ ২৭ শে ফেব্রুয়ারী সকাল ১১ টায় রিক্সা- ব্যাটারি রিকশা ইজিবাইক সংগ্রাম পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি দুলাল মল্লিকের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন রিক্সা- ব্যাটারি রিকশা ইজিবাইক চালক সংগ্রাম পরিষদের কেন্দ্রীয় সদস্য সচিব এবং বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ বরিশাল জেলার সমন্বয়ক ডা মনীষা চক্রবর্তী, বরিশাল রিকশা ভ্যান শ্রমিক চালক ইউনিয়ন (২৩২৪) এর সাংগঠনিক সম্পাদক শহিদ শেখ, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট বরিশাল জেলার দপ্তর সম্পাদক শহিদুল ইসলাম, বরিশাল রিকশা ভ্যান চালক শ্রমিক ইউনিয়ন (২৩২৪) এর দপ্তর সম্পাদক আঃ রাজ্জাক, ইজিবাইক চালক সংগ্রাম পরিষদ ২৮ নং ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক আইয়ুব আলী, ইজিবাইক সংগ্রাম পরিষদ দপদপিয়া ইউনিয়নের সভাপতি রমজান আকন, ইজিবাইক মোড় জেলখানার মোড় স্ট্যান্ডের সভাপতি আঃ মন্নান প্রমুখ।
এসময়ে বক্তারা বলেন, ব্যাটারি চালিত যানবাহনের লাইসেন্সর দাবিতে দীর্ঘ ১৩ বছর ধরে রিক্সা,ব্যাটারিচালিত রিক্সা -ভ্যান-ইজিবাইক সংগ্রাম পরিষদ আন্দোলন করে আসছে। আন্দোলনের পরিপ্রেক্ষিতে আমরা জানতে পারি সড়ক পরিবহন মন্ত্রণালয়ের ব্যাটারি চালিত যানবাহনে লাইসেন্স দেয়ার জন্য থ্রি হুইলার নীতিমালা ২০২৪ অনুমোদনের জন্য প্রক্রিয়াধীন রয়েছে। কিন্তু আমরা দেখতে পাই বরিশাল সিটি কর্পোরেশন কোন রকম আলাপ আলোচনা ছাড়া বিগত স্বৈরাচারের আমলে দুর্নীতি ও দলীয়করণের মাধ্যমে প্রদানকৃত টোকেনের নবায়ন দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে এবং ২৪ হাজার টাকা ফি নির্ধারণ করেছে। এই নবায়ন প্রক্রিয়ায় সিংভাগ সুবিধাভোগী হিসেবে গত স্বৈরাচারের দোসর টোকেন ব্যবসায়ী ও দালালরাই উপকৃত হবে। সিটি কর্পোরেশনের এই অপরিকল্পিত উদ্যোগের মধ্য দিয়ে সড়ক শৃঙ্খলা তো ফিরবেই না বরং আরো বিশৃঙ্খলা বাড়বে।
নেতৃবৃন্দ আরো বলেন, অবিলম্বে ব্যাটারিচালিত যানবাহনের BRTA স্বীকৃত বৈধ লাইসেন্স চালু করাই হল এই সংকটের একমাত্র সমাধান। তার আগে সড়কে শৃঙ্খলা ফেরাতে বরিশাল সিটি কর্পোরেশন যদি কোন উদ্যোগ নিতে চায় তবে অবশ্যই তা বরিশালে কর্মরত লড়াই সংগ্রামের সংগঠনগুলিকে নিয়ে করতে হবে, স্বৈরাচারের দালালদের নিয়ে নয়। বক্তারা অবিলম্বে বিগত স্বৈরাচারের আমলে দুর্নীতি দলবাজির মাধ্যমে প্রদত্ত টোকেনের নবায়ন বন্ধ করে প্রকৃত চালকদের নম্বরপ্লেট দেয়ার জন্য বরিশাল সিটি কর্পোরেশনের প্রতি আহবান জানান।
সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক
| শেয়ার করতে ক্লিক করুন: | Tweet |
