অবাধ ও সুষ্ঠু নির্বাচনে সরকার বদ্ধপরিকর : যশোরের জেলা প্রশাসক

অবাধ ও সুষ্ঠু নির্বাচনে সরকার বদ্ধপরিকর : যশোরের জেলা প্রশাসক

শ্যামল দত্ত, চৌগাছা (যশোর) প্রতিনিধি : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে চৌগাছায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুর ১২টায় উপজেলা পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর আহমদ। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আশেক হাসান।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, “ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আমাদের দরজায় কড়া নাড়ছে। একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সরকার একটি ফ্রি ও ফেয়ার নির্বাচন আয়োজনের বিষয়ে দৃঢ় প্রতিজ্ঞ।”

তিনি আরও বলেন, “মাঠপর্যায়ে প্রশাসনের সকল কর্মকর্তারা সরকারের নির্দেশনা বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। বিশেষ করে গণভোট বিষয়ে জনগণকে উদ্বুদ্ধ করতে নানা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।”
জেলা প্রশাসক আশা প্রকাশ করে বলেন, “শান্তিপূর্ণ ও মনোরম পরিবেশে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। যশোরের মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট প্রদান করে গণতন্ত্রের এই উৎসবে অংশ নেবে।”

মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন জেলা পরিষদের কার্যালয়ের ভূমি সহকারী কমিশনার আমিন উদ্দিন, তদন্ত কর্মকর্তা নিরুল আমিন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহ্বায়ক ওয়াজেদ আলী, বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন, উপজেলা কৃষি কর্মকর্তা মুশাব্বির হোসাইন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হালিম চঞ্চল, উপজেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি কামাল আহমেদ, নাগরিক ঐক্য পার্টির যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন (দুলাল), সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রফিকুল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আবু জাফর, সহ-সভাপতি রহিদুল ইসলাম খান, সাধারণ সম্পাদক আজিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক শ্যামল দত্ত, এবি পার্টির সভাপতি বিপন মহাবুদসহ বিভিন্ন রাজনৈতিক দল, শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

Explore More Districts