নিখোঁজের চার দিন পর সুদীপ্ত রায় (১৭) নামে ক্যামব্রিয়ান কলেজের এক শিক্ষার্থীর অর্ধগলিত মরদেহ উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ। মঙ্গলবার বিকেলে রাজধানীর শাহ আলী থানাধীন তুরাগ সিটি এলাকায় নির্মাণাধীন একটি ভবনের ফ্ল্যাট থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
ভাটারা থানা–পুলিশ জানায়, সুদীপ্তকে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করা হয়েছে। সে বারিধারায় ক্যামব্রিয়ান কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিল। ভাটারার শহীদ আব্দুল আজিজ সড়কে ক্যামব্রিয়ান কলেজের হোস্টেলে থাকত সে।
পুলিশ জানায়, এ ঘটনায় দুজনকে টাঙ্গাইলের মধুপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার দুজনের একজন সুদীপ্তর পরিচিত। সুদীপ্তকে বাসায় ডেকে নিয়ে আটকে রেখে পরিবারের কাছে মুক্তিপণ চেয়েছিলেন গ্রেপ্তার দুজন।


