ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্যের বিশাখাপত্তনম শহরের একটি স্টিল কারখানায় তপ্ত গলিত লোহা ভর্তি একটি বিশাল পাত্র উল্টে পড়ে আট শ্রমিক জীবন্ত দগ্ধ হয়ে মারা গেছেন। সোমবার বিকেল ভিজাগ স্টিল প্লান্ট নামের ওই কারখানার স্টিল মেল্টিং শপ (এসএমএস) শাখায় এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরও ছয় শ্রমিক গুরুতর দগ্ধ হয়েছেন।
জানা যায়, গলিত লোহাভর্তি পাত্রটি শব্দ করে মাটিতে আছড়ে পড়ে এবং আশপাশে আগুন ছড়িয়ে পড়ে। নিহত ব্যক্তিদের দেহ এতটা দগ্ধ হয়েছে যে চেনার উপায় নেই। তাঁদের পরিচয় শনাক্ত করতে শ্রমিক ও কারখানা কর্তৃপক্ষ কাজ করছে।
খবর পেয়ে অগ্নিনির্বাপক কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। আহত ব্যক্তিরা হলেন রাভুরি মল্লিকার্জুন রাও, পি শ্রীনিবাস রাও, অর্জুন আপ্পা রাও, সত্যানন্দ, হরি বাবু ও পাইদিরাজু।
