
ঢাকা, ১০ মার্চ – প্রতিদিনের একঘেয়ে রান্নার স্বাদ ও গন্ধ নিমেষেই বদলে দিতে ধনে পাতার জুড়ি মেলা ভার। তবে এই পাতার নানা ঔষধি গুণ থাকলেও অতিরিক্ত খেলে বেশ কিছু পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিতে পারে। মাত্রাতিরিক্ত ধনে পাতা খেলে তা লিভারের কার্যক্ষমতাকে মারাত্মকভাবে প্রভাবিত করে, ফলে লিভার সঠিকভাবে কাজ করতে বাধাগ্রস্ত হয়। ধনে পাতায় এক বিশেষ ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। এটি দেহের বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গে প্রয়োজনের তুলনায় বেশি মাত্রায় জমে গেলে শারীরিক ক্ষতি হতে পারে।
এছাড়া ধনে পাতা উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে। তাই কেউ যদি নিয়মিত এটি অতিরিক্ত পরিমাণে খান, তবে তাকে নিম্ন রক্তচাপ বা হাইপোটেনশনের সমস্যায় ভুগতে হতে পারে। শ্বাসপ্রশ্বাসের রোগীদের ক্ষেত্রেও নিয়মিত অতিরিক্ত ধনে পাতা খাওয়া বেশ ক্ষতিকারক। অবস্থা গুরুতর হলে রোগীকে ইনহেলার নেওয়ার মতো পরিস্থিতিও তৈরি হতে পারে। সঠিক মাত্রায় ধনে পাতা খেলে তা ত্বককে সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে রক্ষা করে। কিন্তু অতিরিক্ত খেলে তা সূর্যালোক থেকে শরীরে ভিটামিন ডি উৎপাদনের ক্ষমতা অনেকাংশে কমিয়ে দেয়।
পাশাপাশি এই পাতায় থাকা বিভিন্ন অ্যাসিডিক উপাদান অনেক সময় মুখের ভেতরে প্রদাহ বা ঘা তৈরি করতে পারে। বিশেষজ্ঞদের মতে, গর্ভাবস্থায় অতিরিক্ত ধনে পাতা খাওয়া গর্ভবতী নারী ও অনাগত সন্তানের জন্য ক্ষতির কারণ হতে পারে। অনেক ক্ষেত্রে এটি মাতৃত্বের পথেও বাধা সৃষ্টি করতে পারে। তবে এই সব পার্শ্বপ্রতিক্রিয়াই নির্ভর করে অতিরিক্ত পরিমাণের ওপর। তাই দৈনন্দিন খাদ্যতালিকায় পরিমিত মাত্রায় ধনে পাতার ব্যবহার স্বাস্থ্যকর ও নিরাপদ।
এস এম/ ১০ মার্চ ২০২৬



