অংক দৌড়ে বিভাগীয় সেরা পাহাড়ের উচাইমা, লক্ষ্য দেশসেরা হওয়ার – দৈনিক আজাদী

অংক দৌড়ে বিভাগীয় সেরা পাহাড়ের উচাইমা, লক্ষ্য দেশসেরা হওয়ার – দৈনিক আজাদী





দুর্গম পাহাড়ের আঁকাবাঁকা পথ আর নানা সীমাবদ্ধতা জয় করে অনন্য গৌরব অর্জন করেছে রাঙামাটির কাউখালীর খুদে শিক্ষার্থী উচাইমা মারমা। সব বাধা পেরিয়ে সে এবার ‘প্রাথমিক শিক্ষা পদক ২০২৬’এ চট্টগ্রাম বিভাগের মধ্যে সেরা হওয়ার গৌরব অর্জন করেছে।

চলতি বছরের ২৩ মে উপজেলা পর্যায়ে প্রথমে কাউখালী উপজেলায় প্রথম স্থান অধিকার করে। এরপর ৭ জুন উপজেলার সীমানা পেরিয়ে রাঙামাটি জেলাতেও প্রথম হয়। সর্বশেষ ১০ জুন চট্টগ্রাম পিটিআইতে অনুষ্ঠিত প্রতিযোগিতায় চট্টগ্রাম বিভাগের ১১টি জেলার মধ্যে উচাইমা প্রথম স্থান অর্জন করে। বিভাগীয় সেরা হয়েই থেমে নেই উচাইমার স্বপ্ন। আগামী ১৫ জুন সে চট্টগ্রাম বিভাগের প্রতিনিধি হিসেবে ঢাকায় জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নেবে। দুর্গম পাহাড়ের আলো হয়ে উচাইমা এখন সারা দেশের মধ্যে সেরা হওয়ার লক্ষ্য নিয়ে লড়াই করবে।

উচাইমা মারমা রাঙামাটি জেলার কাউখালী উপজেলার সাপমাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী। তার এই অসাধারণ সাফল্যে বিদ্যালয়ের শিক্ষক, সহপাঠী এবং পুরো পাহাড়ি অঞ্চলে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে। দুর্গম অঞ্চলের এমন একটি শিশুর এই অর্জন পুরো পার্বত্য অঞ্চলের জন্য এক বিশাল গৌরব ও অনুপ্রেরণার বলছেন তারা।

সাপমাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অংসিনু মারমা বলেন, আমি খুবই আনন্দিত ও গর্ববোধ করছি। বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি, আমার বিদ্যালয়ের সকল শিক্ষকশিক্ষার্থী এবং অভিভাবকদের। এই অর্জন আমাদের সকলের আন্তরিক প্রচেষ্টার ফল। আশা করি সেই জাতীয় পর্যায়েও প্রথম হবে এবং প্রথম স্থান অর্জন করে নিজ বিদ্যালয়ের ও কাউখালী উপজেলার নাম উজ্জ্বল করবে।

কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাজিব হোসেন বলেন, ‘প্রাথমিক শিক্ষা পদক ২০২৬’এ অংক দৌঁড় ইভেন্টে চট্টগ্রাম বিভাগে সেরার মুকুট জয় করেছে উপজেলার চতুর্থ শ্রেণির শিক্ষার্থী উচাইমা। দুর্গম পাহাড়ি জনপদ থেকে ছোট্ট এই শিক্ষার্থীর অর্জন যেমন কাউখালী উপজেলাকে গর্বিত করেছে। তেমনি দেশসেরা হওয়ার লড়াইয়ে তার অগ্রযাত্রা সামল্যমণ্ডিত হোক উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সেই শুভ কামনা রইল।




Explore More Districts